আধিপত্যের দ্বন্দ্বে সড়ক অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে বিরোধের জেরে সাজেক সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সড়কের কিছু স্থানে অবরোধের সমর্থনে টায়ার জ্বালান আন্দোলনকারীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে তাঁদের উপস্থিতি কমে আসে।
প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশনের নামে স্থানীয় দুটি সংগঠনের ব্যানারে এ অবরোধের ডাক দিয়েছে। অবরোধকারীদের দাবি, সাজেকের মাসালং এলাকার বিভিন্ন স্থানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা-সমর্থিত সশস্ত্র সদস্যরা অবস্থান নিয়েছেন। তাঁদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবরও সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হলে তাঁরা কর্মসূচি স্থগিত করেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন তাঁরা।
অন্যদিকে, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এসব অভিযোগকে ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার বলে দাবি করেছেন।
তিনি বলেন, সাজেকে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সন্ত্রাসী তৎপরতা এবং সাধারণ মানুষের ওপর শোষণ-নির্যাতন চলছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান, শান্তি প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় জনসংহতি সমিতি কাজ করছে। তাই সাজেকসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অধিকার রয়েছে।
এদিকে, আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধ ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এতে পর্যটনকেন্দ্রটির হোটেল, রিসোর্ট, পরিবহন ও অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অবরোধ ও পর্যটনকেন্দ্র বন্ধ থাকার কারণে সাজেকের যোগাযোগব্যবস্থা, পর্যটন কার্যক্রম এবং স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে, তা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।