টেকনাফের রঙ্গিখালী ও বড় ডেইলে সেনা ক্যাম্প স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এসব এলাকা পরিদর্শন করেন। এ সময় সম্ভাব্য ক্যাম্পের স্থান, যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা পরিস্থিতি ও অবকাঠামোগত বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তাবিত স্থানগুলোর ভৌগোলিক অবস্থান, যাতায়াতব্যবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন। এ সময় ক্যাম্প স্থাপনের উপযুক্ত স্থান নির্বাচন এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, সেনাবাহিনী ও বন বিভাগের কর্মকর্তারা, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা আলাউদ্দিন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী এবং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

স্থানীয়দের মতে, টেকনাফের সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে তারা আশা করছেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ক্যাম্প স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
টেকনাফের রঙ্গিখালী ও বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে ক্যাম্প স্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।