দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৭, খাগড়াছড়িতে ২৪ ঘণ্টা গোয়েন্দা নজরদারি
![]()
জার্নাল প্রতিবেদক
পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সব জাতিগোষ্ঠীর মেলবন্ধনে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনে পাশে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। উৎসবের আনন্দমুখর পরিবেশ বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন এসআরবি-৭-এর সিপিসি-১, ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি অক্ষুণ্ন রাখতে এসআরবি-৭ কাজ করছে। পূজার আনন্দে বিঘ্ন ঘটাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, খাগড়াছড়ি শহরের প্রতিটি মন্দিরের নিরাপত্তায় বিশেষ তদারকি ও সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের উসকানি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পের গোয়েন্দা নজরদারি ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সার্বক্ষণিক কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালু রয়েছে।
তিনি আরও জানান, দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পের উদ্যোগে বিশেষ চেকপোস্ট ও জোরদার টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পূজামণ্ডপ পরিদর্শনকালে নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারে সাদা পোশাকে এসআরবির সদস্যরাও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
কোনো সন্দেহজনক ঘটনা বা জরুরি পরিস্থিতি দেখা দিলে দ্রুত এসআরবির নিয়ন্ত্রণকক্ষ কিংবা নিকটস্থ টহল দলকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সতর্ক ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের অনুরোধ করেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব-২০২৬। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।