রোহিঙ্গা সংকট সমাধানে আইসিজের মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করলো ওআইসি
![]()
জার্নাল প্রতিবেদক
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ সুগম করতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যরাষ্ট্রগুলো।
রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার ইরাকের বাগদাদে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ওআইসির মন্ত্রী পর্যায়ের বিশেষ কমিটির বৈঠকে এ সমর্থন জানানো হয়। ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫২তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও কমিটির কো-চেয়ার হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সদস্যরাষ্ট্রগুলোকে সম্মিলিত ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির এ সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ এবং মানবিক ও আইনি কার্যক্রমে সমর্থন জোরদারের ওপর গুরুত্ব দেন।
তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থাপিত পাঁচ দফা কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন। এ পরিকল্পনায় জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আইনি কাঠামোর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।