মহালছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়িতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুদের শিক্ষা ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, নির্বাহী প্রকৌশলী মো. আনসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুমন মিয়া এবং উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিশু, নারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় কন্যাশিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ বন্ধ এবং তাদের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কন্যাশিশুদের নিরাপদ বেড়ে ওঠা, মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।