রাজশাহী হাসপাতালে আরো ৮ মৃত্যু - Southeast Asia Journal

রাজশাহী হাসপাতালে আরো ৮ মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনাভাইরাস পজেটিভ ছিল। আর বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও রাজশাহীর তিনজন।

সংক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও স্বাস্থ্যবিধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেই সচেতনতা। লকডাউনের মধ্যেও সাতক্ষীরায় চলছে বাসসহ সব ধরণের যানবাহন। খুলনায় নগরীর দোকানপাট ও মার্কেট বন্ধ থাকলেও রাস্তায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে অনীহা দেখা গেছে। গত এক সপ্তাহে যশোরে উর্ধ্বগতি রয়েছে শনাক্তের হার। তারপরও সচেতনতার অভাব সীমান্তবর্তী এ জেলায়।

করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা এবং নোয়াখালী পৌরসভা ও জেলা সদরের ৬ ইউনিয়নে আজ থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা বাড়লেও লকডাউন মানতে এখনও অনীহা রয়েছে মানুষের।

গতকালও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মারা গেছে ১৬ জন। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট, ফাঁকা নেই আইসিইউ।

করোনা মোকাবিলায় খুলনার সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এবং রুপসা উপজেলায় আজ থেকে ৭ দিকের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সাতক্ষীরায় শনিবার থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ হার ও মৃত্যু বেড়েই চলছে। তারপরও লকডাউন চলছে ঢিলেলাঢালাভাবে। স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষের মধ্যে কোন সচেতনতা নেই।

এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। গত ৩ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু হয়। এদের মধ্যে চাপাইনবাবগঞ্জের ৫, রাজশাহী ২, নওগাঁ ও পাবনা জেলার দুইজন।

You may have missed