ভারতে মন্ত্রিসভায় রদবদল, স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ
![]()
নিউজ ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন। আর এই রদবদলে প্রথমেই পদ হারালেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। আছেন শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্কও।
এই তালিকায় আরাে আছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ নিশাঙ্কসহ মন্ত্রিসভার ১২ সদস্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয় ধীরে ধীরে কাটিয়ে উঠার মধ্যে এলো নেয়া হলো এমন সিদ্ধান্ত।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল ও মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা নিয়ে ভারত সরকারের সমালোচনার মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বুধবার পদত্যাগপত্র জমা দিলেন। করোনার ওই ধাক্কার মধ্যে ভারতের স্বাস্থ্য খাতের দুর্বলতার দিকগুলো সামনে আসে।
এছাড়া হাসপাতালের শয্যা ও অক্সিজেনের জন্য হাজারো মানুষের হাহাকার বিশ্বের নজর কাড়ে। এ সময় ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়ে। প্রতিদিন মৃত্যুও হয় তিন-চার হাজার মানুষের।
মাস দুয়েকের বেসামাল পরিস্থিতির পর ভারতে বর্তমানে করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে। এখন করোনার তৃতীয় ঢেউ ঠেকানো সামনে রেখে পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার।
মন্ত্রিসভা থেকে বাদ পড়াদের তালিকায় পশ্চিমবঙ্গ বিজেপির নেতা ও কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও রয়েছেন। এ ছাড়া সদানন্দ গৌড়া, দেবশ্রী চৌধুরী, সঞ্জয় ধোত্রে, রতন লাল কাটারিয়া, রাও সাহেব দানবে পাতিল ও প্রতাপ চন্দ্র সরঙ্গিও রয়েছেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মন্ত্রিসভার নতুন ৪৩ সদস্য শপথ নিতে পারেন বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার, এনডিটিভি।
মোদী নতুন যাদেরকে মন্ত্রিসভায় আনছেন তাদের মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সনোয়াল, নারায়ন রানে, ভূপেন্দ্র যাদব এবং মীনাক্ষী লেখির নাম শোনা যাচ্ছে। রদবদলে কিরণ রিজিজু, অনুরাগ ঠাকুর, হারদ্বীপ সিং পুরি, পুরুষোত্তম রুপালা, মানুস মান্দাভায়া এবং জি কে রেড্ডির পদোন্নতি হতে পারে।