সিলেটে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু - Southeast Asia Journal

সিলেটে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিজিয়ন কমান্ডার ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

সোমবার (৩০ মে) সিলেটে এ সম্মেলন শুরু হয় বলে জানান বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, বিজিবির রিজিয়ন সদরদপ্তর সরাইলের ব্যবস্থাপনায় রিজিয়ন কমান্ডার, বিজিবি (সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়ন এবং ময়মনসিংহ সেক্টর) এবং ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল, বিএসএফ (মেঘালয়, মিজোরাম ও কাচার, গৌহাটি এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার) পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

ভারতের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী সুমিত শরণের নেতৃত্বে ছয় সদস্যের বিএসএফ প্রতিনিধি দল সম্মেলনে যোগদান করেছে । অন্যদিকে বিজিবির রিজিয়ন সদরদপ্তর চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ করেছে।

বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

বিজিবি জানায়, সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকসহ অন্যান্য চোরাচালান, নারী ও শিশুপাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

সম্মেলন শেষে আগামী ২ জুন বিএসএফ প্রতিনিধি দল ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

You may have missed