লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দেওয়ানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফেরর এক সন্ত্রাসীকে আটক করেছে গুইমারা রিজিয়ন অধীনস্থ লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা।
গতকাল রোববার (৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা উপজেলার দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুনিল চাকমা অপূর্ব (২০) নামের ওই সন্ত্রাসীকে ১টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড এ্যামোনিশন এবং ১টি রামদাসহ গ্রেফতার করে।
পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে অস্ত্র, এ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি সহকারে লক্ষ্মীছড়ি থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
লক্ষ্মীছড়ি থানার ওসিইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামিকে আজ খাগড়াছড়ি আদালতে পাঠানো হবে।
লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক জানান, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।