সুন্দরবনে জেলে অপহরণের ঘটনায় ৩ দস্যু গ্রেফতার - Southeast Asia Journal

সুন্দরবনে জেলে অপহরণের ঘটনায় ৩ দস্যু গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুন্দরবনে ১১ জন জেলেকে অপহরণের ঘটনায় তিন দস্যুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের শ্যালা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—শরণখোলা উপজেলার বাসিন্দা মাসুম ফরাজী (৩৫), হাছান কবিরাজ (৩০) ও বরগুনার পাথরঘাটা উপজেলার আলমগীর হোসেন হাওলাদার (৫০)।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘গত ৯ ডিসেম্বর বাগেরহাট ও খুলনার কয়েকজন জেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই, শরনখোলা ও জিউধারা স্টেশন থেকে পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে যান। এ সময় কতিপয় জল বা বনদস্যুরা ১৩ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ১১ জেলেকে অপহরণ করে পরিবারের কাছে অর্থ দাবি করে। খবর পেয়ে পুলিশ দস্যুদের কবল থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের তথ্য অনুযায়ী আবারও অভিযান চালিয়ে আজ ভোরে তিন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি রামদা, তিন রাউন্ড কার্তুজ, দুটি রড, একটি কাঠের ডিঙিনৌকা, কয়েক টুকরা নাইলনের রশি, একটি স্কচটেপ, দুটি টর্চলাইট ও বিভিন্ন সাইজের লাঠি উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক তিন দস্যুর বিরুদ্ধে মোংলা থানায় মামলা হয়েছে। ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বাদী হয়ে এই মামলা করার পর তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।’