কুমিল্লায় ৭০০ রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা সেনাবাহিনীর - Southeast Asia Journal

কুমিল্লায় ৭০০ রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা সেনাবাহিনীর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে প্রায় ৭০০ গরিব-অসহায় ও দুস্থ রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের রায়চোঁ সমবায় কিন্ডারগার্টেন স্কুলে কুমিল্লা সেনানিবাসের ৩১ ফিল্ড ও ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থায় সকাল ১০টা থেকে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন শুরু হয়। বিকেল পর্যন্ত এ ক্যাম্পেইন চলে।

৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল মো. আব্দুল হামিদের নেতৃত্বে ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ মেহেদী ও উপ-অধিনায়ক মেজর খালিদসহ আটজন চিকিৎসক এ স্বাস্থ্যসেবা দেন।

সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রোগীরা। তারা বলেন, সেনাবাহিনীর চিকিৎসকরা অনেক সময় ধরে আমাদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন সমস্যা শুনেছেন।

৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মেহেদী বলেন, ‘আমাদের কাছে আসা বেশির ভাগই শ্বাসকষ্ট, পিঠে-কোমরে ব্যথা, চর্মরোগ, পেটের পীড়ায় ভোগা রোগী। আজ এক হাজার রোগীকে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি।’

এ ক্যাম্পেইনের আগে ওই এলাকাজুড়ে প্রচারণা চালান সেনাবাহিনীর সদস্যরা, যাতে বেশি সংখ্যক রোগী এ ক্যাম্পেইনে আসে ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারে।