চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় এক ব্যক্তির ৬ বছরের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আবদুল মোতালেব নামের এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি বছরখানেক আগে জামিনে গিয়ে পলাতক। কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্ষ্যং এলাকার বাসিন্দা তিনি।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৩ জানুয়ারি রাতে নগরের কোতোয়ালি থানা এলাকার কেসিদে রোডের সিনেমা প্যালেসের সামনে থেকে ২ হাজার ৫০০ ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ ঘটনায় অধিদপ্তরের চান্দগাঁও সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা মামলা করেন।
তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২০ সালের ২৭ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।