চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ১১ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে ১১ কেজি ওজনের ভারতীয় রুপা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬।
রবিবার (১৪ মে) দুপুর ২টার দিকে মুন্সিপুর বিওপির মুন্সিপুর গ্রাম থেকে এসব ভারতীয় রুপা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মুন্সিপুর গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার হওয়ার গোপন তথ্য পাওয়া যায়। এমন সংবাদে মুন্সিপুর বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯২/৫- আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে মুন্সিপুর মাঠের মধ্যে অবস্থান করেন।
দুপুর ২টার সময় মুন্সিপুর গ্রামের সীমান্ত শূন্য লাইন সংলগ্ন কাচা রাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাত একজনকে মোটরসাইকেলযোগে যেতে দেখলে টহলদল তাকে ধাওয়া করে। তখন উক্ত অজ্ঞাত ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়।
তিনি আরো জানান, পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে। টহলদল জব্দকৃত মোটরসাইকেলের পিছনের ক্যারিয়ারের সাথে বাঁধা একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগ দেখতে পান। স্কচটেপ খুলে পলিথিনের ব্যাগের ভিতর থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম বা ৯৪২ দশমিক ৫৬ ভরি ওজনের ভারতীয় তৈরিকৃত রুপার গহনা এবং ১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হন।
এ ব্যাপারে নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে জব্দকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।