এক সপ্তাহে সারাদেশে যৌথ বাহিনীর বড়সড় অভিযান: ৫০৪ জন আটক, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক
![]()
নিউজ ডেস্ক
দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি ২০২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়কালে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে।
এই সময়ের মধ্যে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে। একই সঙ্গে শিল্পাঞ্চলগুলোতে উদ্ভূত শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে বলে জানানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখার স্বার্থে এ ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকে যে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সমন্বিত অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।