নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে ব্রাহ্মণবাড়িয়া সফরে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি
![]()
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন করেছেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা।
সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সফরকালে তিনি মোতায়েনরত সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলার বিভিন্ন অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের শুরুতে কমান্ডার ১০১ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান চৌধুরী জিওসিকে স্বাগত জানান এবং দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, র্যাব, এনএসআই এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের নিবিড় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অসামরিক প্রশাসনের প্রতি সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে জিওসি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলার দায়িত্বে থাকা সকল পদবীর সেনাসদস্যদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সফরে তাঁর সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন এবং ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান-সহ ডিভিশন সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে প্রস্তুতি আরও সুসংহত করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।