চাঁদপুরে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করলেন মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা
![]()
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে চাঁদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন কুমিল্লা সেনানিবাসের কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি চাঁদপুর সফর করেন এবং সামরিক-অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।
জিওসি চাঁদপুরে পৌঁছালে তাকে স্বাগত জানান ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। এরপর তিনি দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জিওসি-কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
দিনের শুরুতে চাঁদপুর সার্কিট হাউসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং কোস্টগার্ড স্টেশন কমান্ডার ও আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট।
মতবিনিময়কালে জিওসি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখতে অসামরিক প্রশাসনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। একই সাথে তিনি আন্তঃবাহিনী ও প্রশাসনের সকল স্তরে নিবিড় সমন্বয় বজায় রাখার নির্দেশনা দেন।
পরে জিওসি চাঁদপুরে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেন এবং ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে কর্মরত সকল পদবির সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় তিনি সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে জিওসির সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন এবং ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসানসহ ৩৩ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।