বগুড়ায় মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষ: আহত বাসযাত্রীদের উদ্ধার করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
বগুড়ায় মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় কবলিত একটি যাত্রীবাহী বাসের আহত যাত্রীদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে ঢাকা–রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতের নিয়মিত টহলে নিয়োজিত ছিল সেনাবাহিনী।
এ সময় মাটিডালি বিমান মোড়ে ঢাকাগামী একটি স্লিপার কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি টহল দলের নজরে আসামাত্র সেনাসদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় বাসচালককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি বাসে থাকা অন্তত ৩৫ জন আহত যাত্রীকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, রাতের টহলের সময় দুর্ঘটনাটি চোখে পড়ায় সেনাবাহিনী দ্রুত মানবিক দায়িত্ব পালন করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক হাইওয়ে পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের মধ্যেই এই দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা প্রাণরক্ষা ও আহতদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।