জম্মু-কাশ্মীরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, রামবনে বিক্ষোভ ও ধর্মঘট
![]()
নিউজ ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রামবন জেলায় এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে পূর্ণ ধর্মঘট (শাটডাউন) পালিত হচ্ছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
নিহত যুবকের নাম তানভীর আহমেদ চোপান (২৫)। তিনি রামবনের পোগাল এলাকার মুন্দখাল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তানভীর জম্মু থেকে নিজের গবাদিপশু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাকরকোট এলাকায় কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট তথাকথিত ‘গোরক্ষক’ সদস্যরা তার পথরোধ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, “গোরক্ষা”র অজুহাতে ওই যুবকের ওপর হামলা চালানো হয়। হামলার মুখে পালানোর চেষ্টা করলে তিনি নিখোঁজ হন। পরে রামসু এলাকার জম্মু-শ্রীনগর মহাসড়কের পাশের বুশলারি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছিল।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অনেকে ফাঁসির দাবিও তোলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন রামবন ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
এদিকে স্থানীয় নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরসহ ভারতের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার ঘটনা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।