আইনজীবি আলিফ হত্যা মামলা: জেরা চলমান, আবারও সময় পেল আসামিপক্ষ
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পর্বে জেরা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা নিহতের বাবা জামাল উদ্দিনকে জেরা করেন।
শুনানিতে প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি হাজির করা হয়। অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, এর আগে আলিফের বাবা সাক্ষ্য দিলেও জেরা সম্পন্ন করতে একাধিকবার সময় নেওয়া হয়েছে। প্রতিবারই আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
তিনি আরও জানান, বুধবার অসমাপ্ত জেরা শেষ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ আবারও সময় আবেদন করলে আদালত তা গ্রহণ করে আগামী ২০ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।