নেত্রকোনায় ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল-মিনি ট্রাক জব্দ
![]()
নিউজ ডেস্ক
নেত্রকানার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড (ইউএসপি) কেমিক্যাল এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পিএসসি পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী। এই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
শনিবার (৪ জুলাই) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সরুজের মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের মেইন পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চলাকালে ভারত থেকে আসা একটি মিনি ট্রাক দেখতে পেয়ে বিজিবির সদস্যরা সেটিকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পরে ট্রাকটি তল্লাশি করে ১৮ ড্রাম ভারতীয় হাইড্রোজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া কেমিক্যাল ও মিনি ট্রাক নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে নেত্রকোনায় কোনো স্থলবন্দর না থাকা সত্ত্বেও কীভাবে একটি মিনি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করল-এ প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। এ বিষয়ে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পিএসসি পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী মোবাইল ফোনে সত্যতা নিশ্চিত করে বলেন প্রেস রিলিজটিতে ভুল রয়েছে পরে সংশোধন করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।