৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাঘাইছড়িতে বৃক্ষরোপণ
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আমেনা মারজান। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যার আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লার্নিং অ্যাকসেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (LASEP)-এর আওতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE)-এর বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুধু গাছ লাগানো নয়, রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির লক্ষ্য হচ্ছে দেশজুড়ে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করা। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ সেই জাতীয় কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।