সাজেকে ইউপিডিএফ-জেএসএসের দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি, ৭ ইউপিডিএফ সন্ত্রাসীকে আটকের দাবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকের মাচালং ভুয়াছড়া এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীদের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, গোলাগুলির একপর্যায়ে জেএসএসের সদস্যরা ইউপিডিএফের ৭ সন্ত্রাসীকে আটক করেছে। আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে।
আটকরা হলেন— নির্মল চাকমা (২৭), বাড়ি গঙ্গারাম; বিকাশ চাকমা (৩৫), পিতা পোদাক কুমার চাকমা, মাতা কালাবী চাকমা, বাড়ি কোজইছড়ি; গজাঙ্যে চাকমা, বাড়ি কোজইছড়ি; হৃদয় চাকমা (২০), পিতা বিশ্বসর চাকমা, মাতা সুরবী চাকমা, বাড়ি কোজইছড়ি; মেনকা রঞ্জন চাকমা (১৮); বিরাজধন চাকমা এবং নয়নজীব চাকমা।
স্থানীয় সূত্র জানিয়েছে, গোলাগুলির কারণে মাচালং ভুয়াছড়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার আশঙ্কায় অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। দুর্গম হওয়ায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি। ফলে গোলাগুলির কারণ, আটক ব্যক্তিদের বর্তমান অবস্থা এবং হতাহতের বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ ও গোলাগুলির ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, এসব সংঘাতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ নিরীহ বাসিন্দারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।