মিয়ানমারে পাচারকালে মনপুরা থেকে সিমেন্ট ও সারবোঝাই ট্রলার জব্দ, আটক ১
![]()
নিউজ ডেস্ক
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সারবোঝাই ট্রলারসহ মো. জুয়েল নামে একজনকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ট্রলারের মালিকসহ অন্যান্যরা পাচারকারীরা পালিয়ে যায়।
রোববার বেলা ১১টায় জব্দ ট্রলারের মালিক ও আটককৃত পাচারকারী সদস্যের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত শুক্রবার (৩ জুলাই) রাতে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট ও সারবোঝাই ট্রলারসহ পাচারকারীকে আটক করে।
মো. জুয়েল (২২) উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরের ছেলে। অপর পাচারকারী ট্রলারের মালিক ও পলাতক সদস্য হলেন- ইদ্রিস মাঝি ও রিয়াজ। ওই দুইজনের বাড়ি একই ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে সমুদ্রগামী ট্রলারে করে সার ও সিমেন্ট মিয়ানমারে পাচার করার প্রস্তুতি নেয় পাচারকারীরা। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারবোঝাই সিমেন্ট ও সারসহ মো. জুয়েল নামে এক পাচারকারীকে আটক করে। পরে জব্দকৃত ট্রলার হাজিরহাট ঘাটে নিয়ে এসে ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪শ লিটার ডিজেল, ৪ বস্তা সার ও চাল উদ্ধার করে। রোববার সকাল থেকে ওই ট্রলার থেকে পণ্য খালাস চলছে বলে জানায় পুলিশ।
মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় মাছ ধরার ট্রলারবোঝাই সিমেন্ট ও সারসহ এক পাচারকারীকে আটক করে। থানায় মামলা হয়েছে। পলাতক পাচারকারীদের অভিযান চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।