পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। তবে হামলায় অক্ষত রয়েছেন শফিকুর রহমান মেঙ্গাল।
বুধবার (৮ জুলাই) দুপুরে এ হামলার ঘটনা ঘটে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায়। স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানা প্রাচীর এবং ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়।প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। আশপাশের অনেক ভবনের দরজা-জানালার কাচ ভেঙে যায়।
হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে টানা তিন ঘণ্টারও বেশি সময় গোলাগুলি চলে। এ সময় রকেট লঞ্চার, গ্রেনেডসহ ভারী অস্ত্র ব্যবহার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। এ ছাড়া বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারীও ছিল।
ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ও পরবর্তী গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তিনি বলেন, ‘শফিক মেঙ্গাল হামলায় অক্ষত রয়েছেন এবং নিরাপদে আছেন। তবে বিস্ফোরণ ও গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আত্মঘাতী হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর দুই হাসপাতালে ঘোষণা করা হয় জরুরি অবস্থা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।