আলীকদম সদর ইউপির প্রশাসনিক দায়িত্বে কৃষি কর্মকর্তা সোহেল রানা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানার কাছে অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসনের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
গত ২৬ জুলাই বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদোস স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের ১২ জুলাই ২০২৬ তারিখের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন এবং প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর প্যানেল চেয়ারম্যান-২ ও প্যানেল চেয়ারম্যান-৩-এর মধ্যে দায়িত্ব অর্পণ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এ পরিস্থিতিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা এবং স্থানীয় সরকার বিভাগের প্রাসঙ্গিক পরিপত্রের আলোকে জনস্বার্থে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানার কাছে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও আর্থিক ব্যবস্থাপনা সচল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।