রাঙামাটিতে সড়ক-নৌপথে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’।
রোববার (২৫ অক্টোবর) সকালে জেলা শহরের বনরূপা পুলিশ ট্রাফিক বক্সের সামনে পথসভা ও চালক-যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বক্তারা বলেন, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানো যাবে না। ঘুম ঘুম চোখে কিংবা মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো থেকেও বিরত থাকতে হবে।
নৌপথে দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন বন্ধ, যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং নৌ আইন কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পথসভায় রাঙামাটির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—বাস ও ট্রাক টার্মিনাল দ্রুত শহরের বাইরে মানিকছড়িতে স্থানান্তর এবং শহরের অলিগলিসহ হাসপাতালসংলগ্ন সড়কের বেহাল দশা ও খানাখন্দ দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করা।
নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙামাটি জেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে এবং সংগঠক আলমগীর হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠক মো. ইভান শফি, হুমায়ুন কবির, আরিয়ান রিয়াজ, সদস্য অভি ইসলাম রাফি, সানজিদা ইসলাম সানজু, ইসরাত জাহান ও আরিফুল ইসলাম। এ ছাড়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. জামান, সার্জেন্ট বিশ্বজিৎ ও অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে স্থানীয় চালক ও সাধারণ যাত্রীরা অংশ নেন। সড়ক ও নৌপথে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজিত এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও চালকেরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।