লংগদুর রাজনগরে জনসেবায় বিজিবি, মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৫৭ জন
![]()
জার্নাল প্রতিবেদক
দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর এলাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক এ উদ্যোগে এলাকার অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের নারী, পুরুষ এবং শিশুসহ বিভিন্ন বয়সী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বিজিবির মেডিক্যাল টিম বিভিন্ন রোগে আক্রান্ত মোট ৫৭ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ সময় রোগ প্রতিরোধ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সুস্থ জীবনযাপনের বিষয়ে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সূত্রে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে মানবিক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।