বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মোটরসাইকেল, প্রাণ গেল পর্যটক দম্পতির
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের রুমায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক পর্যটক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা জেলার মানিকারহাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১০ সদস্যের একটি পর্যটক দল বগালেক ভ্রমণে আসে। তাদের মধ্যে আটজন বগালেকের একটি কটেজে রাতযাপনের জন্য অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে কেউক্রাডং এলাকায় ঘুরতে যান।
ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় আঁকাবাঁকা ও খাড়া ঢালু পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যান।
দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাত ১২টার দিকে গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, বগালেক-কেউক্রাডং সড়কটি অত্যন্ত দুর্গম, সরু এবং ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রাতের বেলায় এ সড়কে চলাচল অত্যন্ত বিপজ্জনক। তাই দুর্ঘটনা এড়াতে পর্যটকদের প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।