থানচিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের থানচি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নঈম বিন শাহজাহান, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছে। দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মুক্তচিন্তা, দায়িত্বশীল নাগরিকত্ব এবং দেশ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।