রামগড়ে মাদকবিরোধী ম্যারাথনের আগে বিলবোর্ড ভাঙচুর, থানায় অভিযোগ
![]()
জার্নাল প্রতিবেদক
মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৬’-র আগে সচেতনতামূলক বিলবোর্ড ছিঁড়ে ফেলার ঘটনায় এবার রামগড় থানায় লিখিত অভিযোগ করেছেন আয়োজকরা। অভিযোগে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতার উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রামগড় থানা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিক রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আগামীকাল ৭ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিতব্য ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে রামগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী একাধিক সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার (৪ আগস্ট) গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সেসব বিলবোর্ড ছিঁড়ে ফেলে এবং নষ্ট করে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এটি কেবল জনসচেতনতামূলক কার্যক্রমে বাধা সৃষ্টি নয়, বরং সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টারও ইঙ্গিত বহন করে। এ অবস্থায় ম্যারাথন প্রতিযোগিতা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সে জন্য পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি বিলবোর্ড ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিক বলেন, ‘আমরা সমাজকে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বিলবোর্ড স্থাপন করেছিলাম। কিন্তু সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা কাউকে উদ্দেশ্য করে অভিযোগ করছি না। তবে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা প্রয়োজন। কারণ, জনসচেতনতামূলক উদ্যোগে এ ধরনের হামলা সমাজের জন্য শুভ সংকেত নয়।’
তিনি আরও বলেন, ‘সচেতনতার বার্তা বিলবোর্ড ছিঁড়ে বন্ধ করা যায় না। আমাদের এই আয়োজন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, প্রশাসনের সহযোগিতায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সফল ম্যারাথন আয়োজন সম্ভব হবে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। সামাজিক সংগঠনটির মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত তৈরির এই ভালো কাজকে যারা নষ্ট করার চেষ্টা করে, তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। যেহেতু রাতের বেলা বিলবোর্ড ছেঁড়া হয়েছে, এর পেছনে কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ম্যারাথন উপলক্ষে রামগড়ের বিভিন্ন স্থানে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী বার্তাসংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়। পরে ৪ আগস্ট গভীর রাতে সেগুলো ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

আগামী ৭ আগস্ট (শুক্রবার) সকালে রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৬’ শুরু হবে। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য “দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে।”
আয়োজকরা জানিয়েছেন, প্রায় ৩০০ জন দৌড়বিদ ম্যারাথনে অংশ নেবেন। বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত নির্ধারিত পথে দৌড় অনুষ্ঠিত হবে। মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদক ও সামাজিক অপরাধবিরোধী জনসচেতনতা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে সচেতনতামূলক বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের সামাজিক উদ্যোগ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকার প্রত্যাশা করছেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।