কাপ্তাইয়ে টানা বৃষ্টিতে বসতঘরের একাংশ ধস, পরিদর্শন করলেন ইউএনও
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় টানা অতিবৃষ্টির কারণে একটি বসতঘরের একাংশ ধসে পড়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. ইউনুস (৫০)। তিনি কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বসতঘরটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত বসতঘরটির নিচের মাটি টানা ভারী বৃষ্টিতে নরম হয়ে ধসে পড়ে। এতে ঘরের এক পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনের নির্দেশনায় লিডার রেজাউল করিমের নেতৃত্বে একটি দল ধসে পড়া মাটি অপসারণ করে এবং এলাকার চলাচলের পথ স্বাভাবিক করে।

ঘটনার খবর পেয়ে বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, টানা বর্ষণের কারণে পাহাড়ি ও নদীতীরবর্তী এলাকায় ভূমিধস ও মাটি ধসের ঝুঁকি বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।