পোনা অবমুক্তিতে সমৃদ্ধির বার্তা, রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন
![]()
জার্নাল প্রতিবেদক
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসানের নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে উপজেলা মডেল মসজিদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহীদের সভাপতিত্বে এবং খাদ্য পরিদর্শক আশিষ ভৌমিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও ইউছুপ হাসান।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখসহ অন্যান্যরা।

এ ছাড়া মৎস্যচাষিদের পক্ষে বক্তব্য দেন এস এম আলাউদ্দিন ও লাকি মারমা।
আলোচনা সভায় রাজস্থলীতে মৎস্য খাতের সম্ভাবনা, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয় রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, মৎস্যসম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়ানো সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইউছুপ হাসান বলেন, “দেশের মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর টেকসই সংরক্ষণে জলাশয় রক্ষা করা অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে জলাশয় দখল ও দূষণ রোধ এবং দেশীয় মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণে সর্বস্তরের মানুষের সচেতনতা আবশ্যক।”
আলোচনা সভা শেষে রাজস্থলী উপজেলার সেরা তিন সফল মৎস্যচাষির হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।