কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি কবির হোসেন সম্পাদক ঝুলন দত্ত
![]()
জার্নাল প্রতিবেদক
পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি মো. কবির হোসেন সভাপতি এবং বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কাপ্তাইয়ের শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে অনুষ্ঠিত কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটির ঘোষণা দেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আজাদী ও দৈনিক ইত্তেফাকের কাপ্তাই প্রতিনিধি এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সিনিয়র সহসভাপতি আলমগীর কবির (দৈনিক জনতার সংবাদ), অর্থ সম্পাদক নুর হোসেন মামুন (দৈনিক শেয়ার বিজ) এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন চৌধুরী রিপন (দৈনিক সাঙ্গু), এম বাবুল (দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) এবং জয়নাল আবেদীন (দৈনিক ঘোষণা)।
এর আগে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত একই স্থানে কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

তিনি বলেন, “সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। সাংবাদিকরা সততা, দক্ষতা, মেধা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। মূলধারার সাংবাদিকরা একসঙ্গে থাকলে কোনো অপসাংবাদিকতা কিছু করতে পারবে না।”
বার্ষিক সাধারণ সভায় কাপ্তাই প্রেসক্লাবের বিগত কমিটির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে এবং বিগত কমিটির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু ও ক্রীড়া ধারাভাষ্যকার ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।
এ ছাড়া বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের বিগত কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর কবির, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মংচাই মারমা। স্বাগত বক্তব্য দেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন।
অনুষ্ঠানের শুরুতে কাপ্তাইয়ের মরহুম সাংবাদিক আবুল কালাম আজাদ-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কাপ্তাইয়ে পেশাদার ও মূলধারার সাংবাদিকদের সংগঠিতভাবে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।