খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও পথসভা
![]()
জার্নাল প্রতিবেদক
“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) মাটিরাঙ্গা থানার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও পথসভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাটিরাঙ্গাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান বক্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।