আলীকদম সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ: বিজিবির হাতে মিয়ানমারের ১৪ নাগরিক আটক
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা সবাই পুরুষ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন। বিজিবির ভাষ্য অনুযায়ী, তাঁরা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট বিভিন্ন বয়সী মিয়ানমারের ওই ১৪ নাগরিক আলীকদম ব্যাটালিয়নের অধীন কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে তাঁদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।
কিল্লাইপাড়া চেকপোস্ট থেকে তাঁদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে জানা যায়। তবে কী পরিস্থিতিতে এবং কোন উদ্দেশ্যে তাঁরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজিবি জানায়, অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের ঘটনায় তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট তাঁদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী ১৪ মিয়ানমার নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ১৯ আগস্ট বিজিবি আটক ১৪ জনকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।