ফেনী নদীতে ৬ হাজার পোনা মাছ অবমুক্ত করল আল-ওয়াহিদ ফাউন্ডেশন
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী খাগড়াছড়ির রামগড়ের ফেনী নদীতে বিভিন্ন প্রজাতির প্রায় ৬ হাজার পোনা মাছ অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল-ওয়াহিদ ফাউন্ডেশন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর অববাহিকায় এ পোনা মাছ অবমুক্ত করা হয়। নদী ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাপ্যতা নিশ্চিত করা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে আল-ওয়াহিদ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নদী ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও ফেনী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়েছে।
তারা আরও বলেন, নদী ও প্রাকৃতিক জলাশয় রক্ষায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নদীতে বিষ প্রয়োগ, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার কিংবা বিষাক্ত লতাপাতা দিয়ে মাছ শিকারসহ পরিবেশ ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
আয়োজকদের অভিযোগ, একশ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী ও নদীতীরবর্তী কিছু মানুষ অতিরিক্ত মাছ আহরণের জন্য নদীতে ক্ষতিকর রাসায়নিক ও বিষাক্ত লতাপাতা ব্যবহার করে মাছ নিধন করছেন। এতে শুধু দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন ব্যাহত হচ্ছে না, নদীর অন্যান্য জলজ প্রাণী ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তারা স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
স্থানীয়রা আল-ওয়াহিদ ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফেনী নদীতে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি নদীর জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে নদীতে অবৈধ ও ক্ষতিকর উপায়ে মাছ শিকার বন্ধে কার্যকর নজরদারি প্রয়োজন বলেও তারা মত দেন।
আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও ফেনী নদীসহ স্থানীয় প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।