কাপ্তাইয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ খামারিকে গো-খাদ্য বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার ১০০ জন খামারির মাঝে গো-খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গবাদিপশুর খাদ্যসংকট মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত খামারিদের কিছুটা সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত খামারিদের হাতে এসব গো-খাদ্য তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহায়তা হিসেবে প্রত্যেক খামারিকে ৭ কেজি করে মিশ্র গো-খাদ্য দেওয়া হয়েছে। এতে পাতা ভুষি, কুড়া, সয়াবিন মিল, ভুট্টা, ভিটামিন-মিনারেল প্রিমিক্স, সাদা মটর ছোলা, সরিষার খৈল ও লবণ রয়েছে।
খামারিদের হাতে গো-খাদ্য তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো. এনামুল হক হাজারী।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিহ্লাউ মারমা, অমল কান্তি বড়ুয়া, মনোরঞ্জন তনচংগ্যা ও বিশ্বামিত্র চাকমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। অনেক খামারির গবাদিপশুর খাদ্য সংগ্রহেও সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া এবং গবাদিপশুর খাদ্যসংকট মোকাবিলায় প্রাথমিক সহায়তা হিসেবে এসব গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত খামারিরা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, দুর্যোগ-পরবর্তী সময়ে গবাদিপশুর খাদ্য নিশ্চিত করতে এ ধরনের সহায়তা খামারিদের ঘুরে দাঁড়াতে কিছুটা সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।