বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবিতে মানববন্ধন

বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবিতে মানববন্ধন

বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবিতে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি বন্ধ এবং পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকা দাবি করা হয়।

‘অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজি বন্ধ করো’—এই স্লোগানে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

এ সময় বক্তব্য দেন পিসিএনপি বান্দরবান জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবালসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবিতে মানববন্ধন

বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজির কারণে পাহাড়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে রয়েছেন। তাঁদের দাবি, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চাঁদা দিতে হচ্ছে। কৃষক, সবজি উৎপাদনকারী, ব্যবসায়ী, নির্মাণশ্রমিক ও দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষও এর বাইরে নন বলে অভিযোগ করেন তারা।

তাঁরা বলেন, পাহাড়ে উৎপাদন থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর ফলে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। চাঁদাবাজির কারণে পণ্যের বাজারমূল্যও বাড়ছে বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চাঁদাবাজির পাশাপাশি অপহরণ, গুম ও হত্যাকাণ্ডের মতো সহিংস কর্মকাণ্ড পাহাড়ের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া জরুরি। সাধারণ মানুষের জানমাল ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত না হলে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা কঠিন হবে বলেও মন্তব্য করেন তারা।

বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবিতে মানববন্ধন

কর্মসূচি থেকে পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান পরিচালনা, সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, অপহরণ-গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, পাহাড়ে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই নয়, সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা ও আইনের শাসনের বিষয়ে আস্থা তৈরি করা প্রয়োজন। এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর আহ্বান জানান তারা।

মানববন্ধনে পিসিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *