বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ
![]()
জার্নাল প্রতিবেদক
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ । তিনি ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ছিলো নরসিংদীর রায়পুরা থানার রামনগর গ্রামে।
বাবা মৌলভী আবদুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুনের ১১ সন্তানের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পাস করার পর সারগোদায় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে ডিসটিংকশনসহ মেট্রিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন।
১৯৬১ খ্রিষ্টাব্দে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন মতিউর রহমান। ১৯৬৩ খ্রিষ্টাব্দে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করার পর করাচির মৌরিপুর (বর্তমান যা মাসরুর নামে পরিচিত) এয়ার বেজের দুই নম্বর স্কোয়ার্ডনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন তিনি।
১৯৭১ খ্রিষ্টাব্দের এই দিনে করাচির মাশরুর বিমানঘাঁটি থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান ছিনতাই করেন মতিউর রহমান। বিমানটি যখন ভারতীয় সীমান্ত থেকে মাত্র দুই মিনিট দূরত্বে তখনই সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে বালির ঢিবির ওপর আছড়ে পড়ে বিমানটি। শহীদ হন মতিউর রহমান।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কল্পনায় ছিলো কীভাবে মুক্ত হবে মাতৃভূমি। তাই তো দেশের পানে ছুটেছিলেন নিজের প্রাণ হাতে রেখে। নিজের জীবনকে বিলিয়ে গড়েছেন মাতৃভূমির প্রতি ভালবাসার নজিরবিহীন ইতিহাস।
মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে। তার স্মৃতিকে ধরে রাখতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে ম্যুরাল স্থাপন, সড়ক ও গ্রামের নামকরণ এবং ২০০৮ সালে নরসিংদীর রায়পুরা উপজেলার নিজ গ্রামে প্রতিষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।
শহীদ হওয়ার পর পাকিস্তান সরকার তার মরদেহ করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণির কবরস্থানে সমাহিত করে। দীর্ঘ ৩৫ বছর পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ২০০৬ সালের ২৪ জুন তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনে। পরদিন (২৫ জুন) রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃদাফন করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।