নানিয়ারচরে সেনা রিজিয়ন কাপের জন্য ফুটবলার বাছাই
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে আসন্ন রাঙামাটি সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-২২)-এ অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর থানা সংলগ্ন মাঠে নানিয়ারচর জোনের উদ্যোগে এ যাচাই-বাছাই কার্যক্রম আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার উদীয়মান তরুণ ফুটবলাররা অংশ নেন।
বাছাই কার্যক্রম পরিচালনা ও সার্বিক তদারকি করেন নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ নাইম।

এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল ইসলাম এবং নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলাম।
খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রমে সহযোগিতা করেন নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম।

আয়োজকরা জানান, নানিয়ারচর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বাছাইয়ে অংশ নেওয়া তরুণ ফুটবলারদের দক্ষতা, শারীরিক সক্ষমতা, বল নিয়ন্ত্রণ, গতি, পাসিং ও মাঠে কৌশলগত সক্ষমতা পর্যবেক্ষণ করা হয়। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্ভাবনাময় ও দক্ষ খেলোয়াড়দের নিয়ে নানিয়ারচর জোনের একটি শক্তিশালী ফুটবল দল গঠন করা হবে।
নির্বাচিত খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দলটি আসন্ন রাঙামাটি সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে নানিয়ারচর জোনের প্রতিনিধিত্ব করবে।

সংশ্লিষ্টরা বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত এ বাছাই কার্যক্রমকে ঘিরে স্থানীয় তরুণ ফুটবলারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা করছেন, বাছাইয়ের মাধ্যমে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে নানিয়ারচর তথা রাঙামাটির ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।