আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভ সংঘ

আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভ সংঘ

আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভ সংঘ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের আলীকদমে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভ সংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য—প্রশিক্ষণ নেওয়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।

শনিবার (২২ আগস্ট) আলীকদম উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা।

বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, চ্যানেল আইয়ের বান্দরবান জেলা প্রতিনিধি ও সমাজসেবক সাংবাদিক মো. ইসমাইল হাসান, বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা ইয়ংলক ম্রো, উপদেষ্টা ও আলীকদম কলেজের শিক্ষক নুরুছাফা ভূঁইয়া বাবু, কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম থানার সাব-ইন্সপেক্টর ইয়ামিন আহমেদ এবং বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রানা। এ ছাড়া স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি তাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বান্দরবান জেলার আলীকদমসহ পাঁচটি উপজেলায়ও এ কার্যক্রম চলছে।

আলীকদমে ২০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল বসুন্ধরা শুভ সংঘ

প্রধান অতিথি মো. সোহেল রানা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের ব্যবসায়িক আয়ের একটি অংশ সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করছে, যা প্রশংসনীয়।

তিনি বলেন, প্রশিক্ষণ নেওয়া নারীরা সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগাতে পারলে ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে তারা নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।

সোহেল রানা আরও বলেন, এর আগেও বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নগদ আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

সেলাই মেশিন পাওয়া প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী চামুম ম্রো, শ্যামলী তঞ্চঙ্গ্যা, উপাইপ্রো মার্মা ও রুজিনা আক্তার বলেন, তারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সময় পড়াশোনার প্রয়োজনীয় খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়ে।

তারা বলেন, সেলাই মেশিনের মাধ্যমে কাপড় তৈরি ও সেলাই করে আয় করার সুযোগ তৈরি হবে। সেই আয় দিয়ে নিজেদের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি পরিবারকেও আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা এবং বিশিষ্ট লেখক-সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বই অতিথিদের উপহার দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে সেলাই মেশিন পাওয়া নারীরা নিয়মিত আয়ের পথ তৈরি করবেন। একই সঙ্গে তাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবার ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed