বান্দরবানে পল্লী সঞ্চয় ব্যাংকের সাড়ে ২২লাখ টাকা নিয়ে লাপাত্তা নিরাপত্তা প্রহরী
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় “আমার বাড়ী, আমার খামার প্রকল্প” (পল্লী সঞ্চয় ব্যাংক) থেকে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে উসাইসুই মার্মা নামের একই অফিসের এক নৈশ প্রহরী। রবিবার (২৬ জুলাই) সাড়ে এগারটায় সময় এ ঘটনা ঘটলেও উক্ত অফিস কর্মকর্তারা দুপুর ২ টার পর খোঁজাখুঁজি শুরু করে অর্থ লোপাটের বিষয়টি জানতে পারেন। নৈশ প্রহরী উসাইসুই মার্মার বাড়ী জেলার লামা উপজেলার গজালিয়ায়।
উক্ত অফিসের কর্মচারী ও লোন নিতে আসা গ্রাহকরা জানান, “আমার বাড়ী আমার খামার প্রকল্প” (পল্লী সঞ্চয় ব্যাংক) সোনালী ব্যাংক আলীকদম শাখায় লেনদেন করেন। তাই গ্রাহকদের ঋণ দিতে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করার প্রতিনিধি হিসেবে পাঠান অফিসের নৈশপ্রহরী উসাইসুই মার্মাকে (৩০) কে। উত্তোলনকৃত টাকা নিয়ে নৈশপ্রহরী অফিসে আসার কথা থাকলেও। সে অফিসে উপস্থিত হয়নি। দীর্ঘক্ষণ টাকা নিয়ে অফিস না আসায় ধারণা করা হচ্ছে তিনি টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
প্রকল্পের কম্পিউটার অপারেটর শরিফুল ইসলাম জানান, টাকা উত্তোলনের দায়িত্ব নৈশ প্রহরীকে দেওয়া হয়েছিল। সাথে মাঠ সহকারী সাইদুল হাসান কে পাঠানো হয়েছে কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দুইজনের অফিসে আসার কথা থাকলেও ব্যক্তিগত কাজে সদর হিন্দু পাড়ায় থেকে যান সাইদুল হাসান এবং নৈশ প্রহরীকে টাকা নিয়ে অফিসে যেতে বললেও সে অফিসে উপস্থিত হয়নি।
এবিষয়ে আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমন্বয়ক ফেরদৌসী আক্তার জানান, নৈশ প্রহরী প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা সত্য। আমরা থানায় এসেছি অভিযোগ করার জন্য।
একজন মাঠ সহকারী ও নৈশ প্রহরীকে নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য পাঠানোর আইনগত কোন সরকারি আদেশ আছে কিনা জানতে চাইলে, উপজেলা সমন্বয়ক উপজেলা নির্বাহী অফিসারের কল এসেছে, পরে কথা বলব বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, নৈশ প্রহরী টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।