মণিপুরের নোনি জেলায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মণিপুরের নোনি জেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শনিবার ভোরে নোনি থানার আওতাধীন নুংটেক এলাকার কারুয়াংমুয়ান পার্ট-২ এলাকায় সন্দেহভাজন জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট-কামসন (ZUF-K) ও জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট-জেনচুই (ZUF-J) গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জাংগাইলিং গনমেই (৩৭) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি তাওসাং পিনজাং গ্রামের বাসিন্দা।
সংঘর্ষে আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের প্রথমে লংমাই বাজারের মাকাম হাসপাতালে নিয়ে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিআরপিএফের (কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স) নিরাপত্তায় তাদের ইম্ফলে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের এক দিন আগেই জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট-কামসন (ZUF-K)-এর এক ক্যাডার নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। দিংতিপলুং গনমেই নামে ওই ক্যাডার শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পুইচি (অকটান) গ্রামে গুলিবর্ষণের ঘটনায় নিহত হন বলে জানা গেছে।
ওই ঘটনা ঘটে নোনি জেলার হাওচং মহকুমার পুইচি (অকটান) গ্রামে। সেখানে ZUF-K গোষ্ঠী হাইপৌ জাদোনাংয়ের ৯৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছিল। ওই আয়োজন চলাকালেই গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরপর দুই দিনের এসব সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নোনি জেলার সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।