মিয়ানমার সীমান্তে অপরাধ দমনে বাংলাদেশের সঙ্গে টাস্কফোর্স গঠনের প্রস্তাব নাইজেরিয়ার
![]()
জার্নাল প্রতিবেদক
নাইজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ–মিয়ানমার সামুদ্রিক সীমান্তে নিরাপত্তা হুমকি ও অপরাধ মোকাবিলায় বহুজাতিক টাস্কফোর্স কাঠামো গঠনের আগ্রহ প্রকাশ করেছে নাইজেরিয়ান নৌবাহিনী।
নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির দেশটির নৌবাহিনীর প্রধানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সামুদ্রিক নিরাপত্তা, পেশাগত প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, নৌযান নির্মাণ এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা গভীর করার আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তা বাস্তবভিত্তিক প্রতিরক্ষা সহযোগিতায় রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
আলোচনায় নাইজেরিয়ান নৌবাহিনীর পক্ষ থেকে গিনি উপসাগরে জলদস্যুতা ও অন্যান্য সামুদ্রিক অপরাধ মোকাবিলায় নাইজেরিয়ার অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ–মিয়ানমার সামুদ্রিক সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি। ওই এলাকায় সৃষ্ট বিভিন্ন নিরাপত্তা হুমকি ও সামুদ্রিক অপরাধ মোকাবিলায় বহুজাতিক টাস্কফোর্স কাঠামো গঠনের ব্যাপারে নাইজেরিয়ান নৌবাহিনীর পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে নৌবাহিনীর প্রশিক্ষণ ও পেশাগত বিনিময় কর্মসূচি জোরদার, নৌপ্রযুক্তির ব্যবহার ও আদান-প্রদান, জাহাজ নির্মাণ এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
এ সময় সামরিক পোশাকের স্থানীয় উৎপাদনে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারেও আগ্রহ প্রকাশ করে নাইজেরিয়ান নৌবাহিনী। বিশেষ করে বাংলাদেশে তৈরি সামরিক পোশাকের প্রতি আগ্রহের কথা জানান দেশটির নৌবাহিনীর প্রধান।
বৈঠকের শেষ পর্যায়ে নাইজেরিয়ান নৌবাহিনীর প্রধানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফর অনুষ্ঠিত হলে দুই দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।