সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। গত রোববার (৩০ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান এবং তার ভেতর থেকে ২,৬৮৪ পিস বিভিন্ন ধরনের উন্নত মানের ভারতীয় শাড়ি আটক করা হয়। জব্দ শাড়ি ও গাড়ির আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. সেলিম রানা এবং ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে অবৈধ ভারতীয় পণ্য প্রবেশ রোধে বিজিবির এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
জব্দ শাড়িগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।