লামায় খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ, সরকারের সমালোচনায় মামুনুল হক
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের লামা পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ‘নাগরিক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের সংসদ নির্বাচনে গণভোট ৭০ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হলেও বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা শুরু করেছে।

তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে তেল, বিদ্যুৎ ও সার সংকট চরম আকার ধারণ করেছে। তবে সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে দেশে কোনো ঘাটতি নেই বলে দাবি করছেন। তাঁর ভাষ্য, মাঠপর্যায়ে কৃষকরা সার পাচ্ছেন না, বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিগত সরকারের সময়ের প্রসঙ্গ তুলে ধরে মামুনুল হক বলেন, সে সময় আলেম-ওলামাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর দায়িত্ব জনগণের সেবা করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা। কিন্তু বিগত সরকার পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল বলে তিনি দাবি করেন।
এ সময় ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব প্রসঙ্গে সতর্ক করে মামুনুল হক বলেন, ‘তারেক জিয়া যেন আরেকটি শেখ হাসিনা তৈরি না হন।’
সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেন। কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ স্থানীয় উলামায়ে কেরাম।
সমাবেশে বক্তারা ইসলামের মূলনীতির আলোকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং খেলাফত রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
সমাবেশকে কেন্দ্র করে লামা পৌর বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে সমাবেশে ব্যাপক জনসমাগমের কথা জানানো হয়। অনুষ্ঠানজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।