মিজোরামে ১১ কোটি টাকার মেথ ট্যাবলেটসহ মিয়ানমার নাগরিক গ্রেপ্তার, সুপারি ও মদ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মিজোরামে বিপুল পরিমাণ মাদক ও চোরাই পণ্যসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ ও যৌথ এনফোর্সমেন্ট দল। সকালে (৩ সেপ্টেম্বর) পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১১ কোটি ৪০ লাখ রুপি মূল্যের মেথামেফেটামিন (মেথ) ট্যাবলেট, বিশাল এক সুপারির চালান এবং ৬৩০ লিটারেরও বেশি দেশি মদ জব্দ করা হয়।
মিজোরামের সেরছিপ জেলার তুইচাং সেতু এলাকায় গত বুধবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) এবং সেরছিপ পুলিশের সিআইডির যৌথ একটি দল। সেখান থেকে আনুমানিক ১.৫ লাখ মেথামেফেটামিন ট্যাবলেটসহ ১৪.২৬ কেজি সন্দেহভাজন মেথ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১১.৪ কোটি রুপি।
এ ঘটনায় গ্রেপ্তার ল্যালপানলিয়ানা মিয়ানমারের ফাল্যাম এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। এনসিবি এই চক্রের মূল হোতাদের খুঁজতে তদন্ত শুরু করেছে। সাধারণত ‘মেথ’ বা ‘ক্রিস্টাল মেথ’ নামে পরিচিত এই সিন্থেটিক ড্রাগটি অত্যন্ত ক্ষতিকর ও মারাত্মক মাদক হিসেবে পরিচিত।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে খাওজাওল জেলার চংত্লাই গ্রামের উপকণ্ঠে অন্য এক অভিযানে নামেন পুলিশ সদস্যরা। একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮০ বস্তা শুকনো সুপারি উদ্ধার করে খাওজাওল থানা পুলিশ। প্রতি বস্তায় প্রায় ৮০ কেজি করে মোট সুপারি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ রুপি। জব্দ করা সুপারি ও ট্রাকটি পরবর্তী আইনি ব্যবস্থার জন্য চম্পাইয়ের কাস্টমস প্রিভেন্টিভ ফোর্সের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া গত সোমবার লুংলেই জেলার হাউরুয়াং এলাকায় লুংলেই ডিএসবি ও স্থানীয় পাহাদার দল যৌথ অভিযান চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ৬৩৩.৩ লিটার দেশি মদ জব্দ করে।
সবকটি ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মিজোরাম পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।