আলীকদমে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সৎ নানাকে পিটিয়ে আহত করলেন বাবা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদমে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা অভিযুক্ত ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে আঘাত করে আহত করেছেন। পরে ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ব্যক্তিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ঘটনাটি পুলিশের নজরে আসে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মোস্তাক আহম্মদ (৫৫)। তিনি শিশুটির সৎ নানা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন মোস্তাক আহম্মদ। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে পরিবারের কাছে অভিযোগ করে সে। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ১০০ টাকা দেওয়া হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
শিশুটির বাবা জানান, শনিবার সকালে মেয়ের কাছে ১০০ টাকার একটি নোট দেখতে পান তিনি। টাকা কোথা থেকে পেয়েছে জানতে চাইলে একপর্যায়ে শিশুটি আগের দিনের ঘটনা তার কাছে খুলে বলে। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে লোহার পাইপ দিয়ে তার ডান হাতে আঘাত করেন। এতে মোস্তাক আহম্মদ আহত হন এবং তার হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
পরে স্বজনরা ভুক্তভোগী শিশু ও আহত মোস্তাক আহম্মদকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার সময় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে এবং পরে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ব্যক্তির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।