সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সারসহ আটক ১০
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল।
কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় গভীর সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল বোটটির পিছু নেয় এবং ধাওয়া করে গভীর সমুদ্র থেকে সেটি আটক করতে সক্ষম হয়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তা ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন ও ৯০ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়। উদ্ধার করা ইউরিয়া সারের মোট ওজন ১২ হাজার কেজি বা ১২ টন। এছাড়া রসুনের ওজন ৩ হাজার ৮০০ কেজি এবং পেঁয়াজের ওজন ৪ হাজার ৫০০ কেজি। কোস্ট গার্ডের হিসাবে জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা।
প্রাথমিকভাবে কোস্ট গার্ড জানিয়েছে, এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোটে করে নেওয়া হচ্ছিল। অভিযানের সময় বোটে থাকা ১০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক বোটটিকে থামার সংকেত দেওয়া হলেও সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়।
তিনি আরও বলেন, বোটটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্য, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রপথে চোরাচালান ও অবৈধভাবে পণ্য পাচার প্রতিরোধে উপকূল ও সমুদ্রসীমায় তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে, সেন্টমার্টিন ও বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে চোরাচালানের অভিযোগ পাওয়া গেলেও এবার বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ একটি বোট আটকের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তে চালানটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।