মিজোরামে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ কোটি রুপির সুপারি ও পপি বীজ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মিজোরামের চাম্পাই জেলায় চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ সুপারি ও পপি বীজ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার রুয়ানতলাং এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১৮ কোটি রুপি মূল্যের এসব পণ্য জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস, ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), জেলা পুলিশ ও কাস্টমস প্রিভেন্টিভ ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল রুয়ানতলাং এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৫৭১ বস্তা সুপারি উদ্ধার করা হয়, যার ওজন এক লাখ ২৫ হাজার কেজিরও বেশি।
এ ছাড়া অভিযানে ৪২৪ বস্তা পপি বীজ জব্দ করা হয়েছে। এসব পপি বীজ ওজন করে পাওয়া যায় ২৫ হাজার ৪৪০ কেজি।
কর্মকর্তারা জানিয়েছেন, মিজোরামের সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে চোরাচালান ও আন্তসীমান্ত অবৈধ পণ্য পরিবহন ঠেকাতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার সমন্বিত তৎপরতার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। সীমান্তবর্তী হওয়ায় এসব এলাকায় বিভিন্ন ধরনের চোরাচালানের ঝুঁকি রয়েছে।
জব্দ করা পণ্যগুলোর সঙ্গে জড়িত চোরাচালান চক্র ও এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।